বাগেরহাটের শরণখোলার আকাশে দেখ গেল বিরল এক রঙিন সূর্য। সূর্যের চারপাশ ঘিরে আছে রংধনুর মতো বলয় রেখা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়ে প্রায় পৌনে ২টা পর্যন্ত স্থায়ী হয় বলয়টি। এরপর ধীরে ধীরে তা অদৃশ্য হয়ে যায়।
হঠাৎ করে সূর্যের এমন ভিন্ন রূপ দেখে মানুষে মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোরগোল শুরু হয়। বিরল এই দৃশ্যটি দেখতে ক্ষণিকের জন্য সবারই দৃষ্টি চলে যায় আকাশের দিকে। প্রথম দেখায় কেউ বলছে এটা রংধনু।
আবার অনেককেই বলতে শোনা গেছে এটি সূর্যগ্রহণ। আদতে এটি সূর্যগ্রহণ বা রংধনু কেনোটিই নয়। এটিকে বলা হয় সূর্য বলয় (সান হ্যালো)।
জানা যায়, সূর্য বলয় হলো সূর্য বা চাঁদের চার পাশে দেখতে পাওয়া একটি আলোর বলয়।
যা উচ্চ বায়ুমণ্ডলে থাকা বরফের স্ফটিকের মধ্যদিয়ে সূর্যের আলো প্রতিসরণের ফলে তৈরি হয়। এই বলয়টি সাধারণত উজ্জ্বল, সাদা বা রংধনুর রঙের মতো হয়ে থাকে। এটি সিরাস মেঘ থেকে উৎপন্ন আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণে ফল।