ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। সকাল থেকেই রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
সোমবার বেলা দেড়টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, বিকেল পাঁচটার মধ্যে যাঁরা কার্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাঁদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। সকাল থেকে প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়ন জমা দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
মনোনয়নপত্র জমার চূড়ান্ত সংখ্যা বিকেল পাঁচটার পর জানানো হবে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, একাধিক প্রার্থী একসঙ্গে উপস্থিত হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার চিত্র নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী করছে।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আপাতত বড় কোনো ঝুঁকি নেই। আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও অনিয়মের খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকায় পোস্টার ও দেয়াললিখন অপসারণ কার্যক্রম নিয়মিত চলছে জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই দুই সিটি করপোরেশন পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে। প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন অনুসন্ধান কমিটি দায়িত্ব পালন করছে। নির্বাচনসংক্রান্ত আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।