রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয়ে ঢাকা-৮ আসনে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “তারেক রহমান কড়াইল বস্তিতে গিয়ে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ রয়েছে। তারেক রহমানের বেলায় এক নীতি, অন্যদের বেলায় আরেক নীতি—এটি স্পষ্ট বৈষম্য।”
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রশাসনের সঙ্গে মিলিতভাবে বিএনপির পক্ষে কাজ করছে। তিনি বলেন, “নাহিদ ইসলামকে শোকজ করা হলেও তারেক রহমান প্রকাশ্যে এমন প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসি কোনো ব্যবস্থা নেয়নি।”
বিএনপির বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড ও মিডিয়া ব্যবস্থাপনারও সমালোচনা করেন তিনি। তার দাবি, “বিএনপির পক্ষে বহু মিডিয়া কাজ করছে। মিডিয়া দখল করে নেওয়া হয়েছে।”
ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ লড়াইয়ের পর আমরা প্রতীক পেয়েছি। প্রতীক বরাদ্দেও নির্বাচন কমিশন আমাদের সঙ্গে বৈষম্য করেছে।”
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে তার প্রচারণা শুরু হবে। তিনি বলেন, “ওসমান হাদির বিচার এখনও শেষ হয়নি। বিচার নিশ্চিত করাই আমার নির্বাচনী এজেন্ডার অংশ।”
এ সময় তিনি চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “গত এক সপ্তাহ ধরে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর প্রমাণ রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রেখেছে।”
তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি শহীদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার সন্তান। অনুরোধ করব, এমন কিছু করবেন না যাতে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি হয়।”
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক পেয়েছেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।