আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে এক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগের আন্দোলন ঠেকাতে এনসিপির একজন নেতা হাসনাত আবদুল্লাহই যথেষ্ট।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শুনলাম কাল নাকি আওয়ামী লীগের লকডাউন। সব দল মাঠে থাকবে, কিন্তু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। আওয়ামী লীগের কার্যক্রম হাসনাতই বন্ধ করে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন বাংলাদেশে শেষ। কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে মাত্র, দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামলা প্রত্যাহার সম্পর্কিত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি গত এক বছরে মামলা বাণিজ্য করেছে, চাঁদাবাজি করেছে। এখন সেই কর্মকাণ্ডের স্বীকৃতি দিচ্ছেন মির্জা ফখরুল নিজেই। তাদের রাজনৈতিক অর্জন বলতে এই দুইটি ছাড়া আর কিছু নেই।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন থাকলেও দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এখনই ঐক্য জরুরি। না হলে বাংলাদেশের ভবিষ্যৎ সংকটে পড়বে।”