ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। শনিবার বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।
নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরবের প্রবাসী ভোটারদের সংখ্যা ৩৮ হাজার ২৬৯ এবং যুক্তরাষ্ট্রের প্রবাসী ভোটার ১৯ হাজার ২৭১ জন।
নিবন্ধনের সময় প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা প্রদানের জন্য ইসি অনুরোধ জানিয়েছে। ইসি থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আবেদনকারীরা অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ঠিকানা প্রদান করবেন। ভুল ঠিকানা দেওয়া হলে ৬ ডিসেম্বরের মধ্যে মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে তা সংশোধন করতে হবে। সঠিক ঠিকানা ব্যতিরেকে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।
আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমদ খান জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিশ্বের যেকোন জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করে কেউ প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
তিনি আরও জানান, আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) প্রক্রিয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার ও নিজ ভোটার এলাকা ছাড়া অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য চালু করা হবে। এই প্রক্রিয়া তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে।
নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। সঠিক ঠিকানা প্রদান নিশ্চিত না হলে বিদেশে ব্যালট প্রাপ্তি সম্ভব হবে না।