যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চ মাতাতে চলেছেন ওপার বাংলার খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। এবারের দুর্গাপূজায় ম্যানহাটনের টাইমস স্কয়ারে নিউ ইয়র্কের বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় আয়োজনের প্রধান আকর্ষণ হতে চলেছে দুই বাংলার এই দুই তারকার অংশগ্রহণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে টাইমস স্কয়ারের পূজা উদযাপন কমিটি। জানিয়েছে, উত্তর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে মঞ্চে আসছেন। আগামী ৪ অক্টোবর, বাঙালি ক্লাব ইউএসএ আয়োজিত টাইমস স্কয়ারের দুর্গাপূজা উপলক্ষে এই দুই তারকা এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।
এবারেও থাকছে ভারত-বাংলাদেশের বাঙালিদের যৌথ আয়োজন। আগেই জানা গিয়েছিল এবারের আয়োজনে টাইমস স্কয়ারের দুর্গাপূজায় উপস্থিত থাকবেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা। তবে সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এটিকে বলছে ‘বিগ ব্রেকিং’।