ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয় দলের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। মঙ্গলবার বিকেলে বিএনপি সমর্থকদের এক বৈঠক চলাকালে জামায়াতের কর্মীরা সেখানে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ছয়জন আহত হন।
আহতদের মধ্যে চারজনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”