২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্কয়ার ও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ স্কয়ার’ নামকরণ করা হয়।
তবে নাম পরিবর্তনের দেড় বছর পার হলেও স্কয়ারটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো কাজ শুরু হয়নি। ফলে জায়গাটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নাম পরিবর্তন হলেও স্কয়ারটির রক্ষণাবেক্ষণ বা সংস্কারে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এখনো স্কয়ারের সিঁড়িসহ অবকাঠামোর বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণের জন্য প্রাথমিক প্রস্তুতি ও নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেট সীমিত হওয়ায় এখনো প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি।
তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে প্রকল্পের কাজ শুরু করা যাবে। ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
প্রকৌশলী হাফিজুর রহমান আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে আগামী জুলাই মাসের আগেই কাজ শেষ করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে উপাচার্যের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে। যদি চলতি বছরের জুলাইয়ের আগে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া না যায়, তাহলে আগের বঙ্গবন্ধু স্কয়ারের ফাউন্ডেশন ব্যবহার করে ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে শিক্ষার্থীরা জানান, আন্দোলনের স্মৃতি বহন করা এই স্থানটি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। দ্রুত স্কয়ারটি সংস্কার করে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।