আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা ১১টায় বরিশালের বেলস পার্কে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
দীর্ঘ দুই দশক পর বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের এই সফরকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিভাগের বিভিন্ন জেলায় প্রস্তুতি সভা ও নির্বাচনী জনসভায় তারেক রহমানের আগমনবার্তা তুলে ধরা হচ্ছে।
এরই অংশ হিসেবে রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নগরীতে আগাম স্বাগত মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি প্লানেট পার্কের সামনে থেকে শুরু হয়ে লঞ্চঘাট ও সিটি করপোরেশন এলাকা অতিক্রম করে সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ দুই দশক পর তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এই সফর বিভাগীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে একই দিন সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে তারেক রহমানের সফর উপলক্ষে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা করেন বরিশাল বিভাগীয় বিএনপি নেতারা। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।
মতবিনিময় সভায় তিনি জানান, ৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বেলস পার্কে জনসভা শুরু হবে। সমাবেশ শুরুর প্রায় ২০ মিনিটের মধ্যে চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন এবং কর্মসূচি শেষে একইভাবে বরিশাল ত্যাগ করবেন। তার কোনো পথসভায় অংশ নেওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সফরকে কেন্দ্র করে বিভাগজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্টেজ নির্মাণসহ প্রয়োজনীয় সব লজিস্টিক কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত নেতারা বলেন, বরিশাল বিভাগ বিএনপির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দসুর রহমান ও মাহাবুবুর রহমান নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।