রাজশাহী বিভাগে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জামায়াত ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
দিনের শুরুতে নওগাঁ জেলায় বেলা ১১টায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন আমির শফিকুর রহমান। সকাল থেকে জনসভাস্থলে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন। নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান জানান, আমিরের আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। মঞ্চ নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে, সাউন্ড সিস্টেমের কাজ চলছে। ১১টি উপজেলা থেকে আসা গাড়িগুলোর পার্কিং ব্যবস্থা করা হচ্ছে। তারা আশা করছেন জনসমাবেশে ৪ থেকে ৬ লাখ লোক উপস্থিত হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন আমির। সেখানে জনসভা শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহীতে দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে; একটি গোদাগাড়ী উপজেলায় এবং আরেকটি নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে। গোদাগাড়ীতে দুপুর আড়াইটার দিকে জনসভা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে বিকেল সাড়ে ৪টায় জনসভা অনুষ্ঠিত হবে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। রাতে তিনি নাটোরে অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।