সরকারি সংস্কার উদ্যোগ নিয়ে ‘রিফর্ম বুক’ প্রকাশ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন খাতে নেওয়া প্রধান সংস্কার উদ্যোগগুলোকে সংক্ষেপে তুলে ধরে ‘রিফর্ম বুক’ প্রকাশ করেছে সরকার। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া এই সংস্কারগুলোতে প্রায় ১৩০টি আইন প্রণয়ন, ৬শ’র বেশি নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ অন্তর্ভুক্ত। এর মধ্যে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বাস্থ্য, মানবাধিকার, ব্যাংকিং তদারকি, সরকারি ক্রয় প্রক্রিয়া ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা অন্যতম।

রিফর্ম বুকের তথ্য অনুযায়ী, সরকার ১৮ মাসে সংস্কারের ৮৪ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়ন করেছে। জবাবদিহি প্রক্রিয়া শুরু হয়েছে; শতাধিক রাজনীতিক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলার মাধ্যমে বিলিয়ন ডলারের সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে।

বইটিতে উল্লেখ আছে, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে মিলিতভাবে বাস্তবায়িত উদ্যোগগুলো বাস্তব ও দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক সংলাপের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের ভিত্তি প্রণয়ন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিত কূটনীতি ও অর্থনৈতিক সহযোগিতাও এতে অন্তর্ভুক্ত।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সংস্কারগুলো নতুন শাসনব্যবস্থার প্রথম ধাপ, যা ১৬ বছরের দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের ক্ষতির ধাপে ধাপে নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুত্রঃ বাসস

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *