অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৩০

ঢাকা মহানগরীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি সূত্র জানায়, লালবাগ, গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, তুরাগ, চকবাজার, যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরখান ও বনানী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেফতার করা হয়।

থানা ভিত্তিক গ্রেফতার সংখ্যা অনুযায়ী—লালবাগে ১ জন, গুলশানে ২ জন, সূত্রাপুরে ৩ জন, মোহাম্মদপুরে ৪ জন, খিলগাঁওয়ে ১ জন, হাজারীবাগে ৯ জন, তুরাগে ১ জন, চকবাজারে ১ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, রামপুরায় ১ জন, উত্তরখানে ১ জন এবং বনানীতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি জানায়, গুলশান থানা পুলিশের অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে দুটি হ্যান্ড গ্রেনেড, ককটেল সদৃশ ১১টি বস্তু, নয় কেজি গান পাউডার এবং ১২৫ গ্রাম রাসায়নিক সদৃশ বস্তু জব্দ করা হয়। তুরাগ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ নিয়মিতভাবে চলমান থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *