বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে অংশগ্রহণকারী ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসি জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সকল ভোটারের অবশ্যই কিউআর কোড স্ক্যান ও ব্যালট পেপার সংবলিত খাম নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, যারা এখনও তাদের খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করেননি, তারা ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এটি সম্পন্ন করতে হবে। সময়মতো কিউআর কোড স্ক্যান না করলে সংশ্লিষ্ট ভোটারের ব্যালট বাতিল বলে গণ্য হবে। ইসি জানিয়েছে, এই ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়া ভোটের স্বচ্ছতা ও নির্ভুল গণনা নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক।
‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী বাংলাদেশে অবস্থানরত ভোটারদের জন্যও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যালট প্রাপ্তির পরপরই ভোটারকে ভোট প্রয়োগ করতে হবে এবং ভোট শেষে ব্যালট সংবলিত হলুদ খামটি ১০ ফেব্রুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে। ইসি সতর্ক করে জানিয়েছে, দেরিতে খাম জমা দিলে ব্যালট গণনা থেকে বাদ পড়বে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব ভোটারকে জাতীয় দায়িত্ব পালনে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ করেছে।