খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনের অতি দুর্গম এলাকায় অবস্থিত তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।
ভোটকেন্দ্রগুলো হলো দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি, লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি। খাগড়াছড়ি আসনের মধ্যে এসব কেন্দ্র সবচেয়ে দুর্গম হিসেবে বিবেচিত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে একটি হেলিকপ্টার প্রথমে শুকনাছড়ি ভোটকেন্দ্রে যায়। পরে একই হেলিকপ্টারে পর্যায়ক্রমে লক্ষ্মীছড়ির ফুত্যাছড়ি ও দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, হেলিকপ্টারের মাধ্যমে শুধু ব্যালট বাক্স ও নির্বাচনি সরঞ্জাম নয়, সংশ্লিষ্ট নির্বাচনি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদেরও ওই দুর্গম ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনী মাঠে নেমেছে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী, র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।