যুব ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়া আফগান ব্যাটার ফয়সাল শিনোজাদার দুর্দান্ত ইনিংসও কাজে আসেনি। ৩১০ রানের বড় লক্ষ্য দিয়েও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আফগানিস্তান।
বুধবার অনুষ্ঠিত ম্যাচে ৯৩ বলে ১৫টি চারের সাহায্যে ১১০ রান করেন ফয়সাল শিনোজাদা। এই সেঞ্চুরির মাধ্যমে যুব ওয়ানডেতে তিনি ছয়টি শতকের মালিক হন, যা এই সংস্করণে সর্বোচ্চ। এর আগে পাকিস্তানের সামি আসলাম একাই ছয় সেঞ্চুরির রেকর্ড ধরে রেখেছিলেন। তবে ফয়সাল এই কীর্তি গড়েছেন মাত্র ২২ ম্যাচে, যেখানে সামি আসলামের লেগেছিল ৪০ ম্যাচ। যুব ওয়ানডেতে পাঁচটি করে সেঞ্চুরির রেকর্ড রয়েছে ভারতের উন্মুক্ত চাঁদ ও বাংলাদেশের তাওহীদ হৃদয়ের।
ফয়সালের সঙ্গে উজাইরউল্লাহ নিয়াজাইয়ের ১৪৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে আফগানিস্তান। উজাইরউল্লাহ ৮৬ বলে ১২ চার ও ২ ছক্কায় অপরাজিত ১০১ রান করেন। তাদের ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে আফগান যুবারা।
তবে রান তাড়ায় ভারতকে তেমন চাপে পড়তে হয়নি। তিন ব্যাটারই ফিফটির বেশি রান করে সহজ জয়ের পথ তৈরি করেন। ওপেনার অ্যারন জর্জ ১০৪ বলে ১৫ চার ও ২ ছক্কায় করেন ১১৫ রান। এ ছাড়া বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৬৮ এবং অধিনায়ক আয়ুশ মহাত্রে ৫৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৬২ রান।
ফলে মাত্র ৪১.১ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এই জয়ে টানা ষষ্ঠবার এবং সবমিলিয়ে দশমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী দলটি। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী শুক্রবার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।