সারাদেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শাফিকুর রহমান। এদিন বেলা ১১টায় নওগাঁ শহরের এ টিম মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
আমিরের আগমনকে ঘিরে নওগাঁ শহরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সারাদিন মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজে ব্যস্ত সময় পার করেছেন শ্রমিকরা। আয়োজকরা জানিয়েছেন, মঞ্চ তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং সাউন্ড সিস্টেমের কাজ চলমান রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান বলেন, এটি আমিরে জামায়াতের দ্বিতীয়বার নওগাঁ সফর। এর আগে একটি রাজনৈতিক কর্মসূচিতে তিনি নওগাঁয় এলেও জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। এবার নওগাঁবাসী তার বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের জন্য পৃথকভাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কোন উপজেলার গাড়ি কোন স্থানে পার্কিং করা হবে—সে বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে।
আয়োজকদের আশা, আজকের জনসমাবেশে চার থেকে ছয় লাখ মানুষের সমাগম হতে পারে।