সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব পরিচালনা ও ট্রান্সফার নীতিমালা নিয়ে অসন্তোষের জেরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দুই হাজার বাইশ সালের শুরুতে সৌদি প্রো লিগে যোগ দিয়ে বিশ্ব ফুটবলে আলোচনার জন্ম দেন রোনালদো। তার পথ অনুসরণ করে ইউরোপসহ বিভিন্ন অঞ্চল থেকে একাধিক তারকা ফুটবলার সৌদি আরবে পাড়ি জমান। তবে বর্তমানে সৌদি আরবের দীর্ঘমেয়াদি ফুটবল প্রকল্প নিয়ে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন এই পর্তুগিজ তারকা।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমার আল হিলালে দলবদলে আপত্তি ছিল রোনালদোর। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে এবং আল হিলালের শিরোপা জয়ের পথ সহজ করে দিচ্ছে। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ট্রান্সফার কার্যক্রমে অসমতা ও আল নাসরের প্রতি অবহেলার অভিযোগ তুলেছেন তিনি।
চলতি মৌসুমে আল হিলাল যেখানে শক্তিশালী দল গঠন করছে, সেখানে আল নাসর কেবল একজন অনূর্ধ্ব-২৩ ইরাকি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে। এতে শিরোপা লড়াইয়ে দলটি পিছিয়ে পড়বে—এমন আশঙ্কা থেকেই প্রতিবাদস্বরূপ মাঠে নামেননি রোনালদো। যদিও তিনি নিয়মিত অনুশীলনে অংশ নিয়েছেন।
সূত্র জানায়, ক্লাবের নীতি পরিবর্তন না হলে আগামী জুনে আল নাসর ছাড়ার বিষয়টিও বিবেচনায় রাখছেন রোনালদো। সম্প্রতি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কোতিনিয়ো ও প্রধান নির্বাহী হোসেন সেমেদোকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন রোনালদো। এতে দলের শক্তি বাড়ানোর পরিকল্পনাও বাধাগ্রস্ত হয়েছে।
অন্যদিকে আল হিলাল সৌদি যুবরাজ আলওয়ালিদ বিন তালাল আলসাউদের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পাচ্ছে, যা তাদের স্কোয়াড শক্তিশালী করতে সহায়ক হচ্ছে। সবমিলিয়ে ব্যয় ও পরিকল্পনার সীমাবদ্ধতায় পড়েছে আল নাসর, যা রোনালদোর অসন্তোষ আরও বাড়িয়েছে।
রোনালদোর মাঠে ফেরার বিষয়টি এখন পুরোপুরি নির্ভর করছে ক্লাব ব্যবস্থাপনা ও নীতিগত সিদ্ধান্তের ওপর।