সিলেট নগরীর তেমুখি পয়েন্টে চেয়ারে বসাকে কেন্দ্র করে মধ্যরাতে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ছোড়া ঢিলিতে পুলিশসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
ঘটনা বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমারগাঁও ও সাহেবের গাঁও গ্রামের দুই কিশোরের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। ঘণ্টাখানেক পর উভয় পক্ষ আবারও তর্কে জড়িয়ে পড়ে। কুমারগাঁও ও নাজিরের গাঁও, পরে সাহেবের গাঁও ও চারুগাঁওয়ের কয়েকজনও সংঘর্ষে অংশ নেন। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।