ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার কার্যক্রম এবং সংবিধান সংশোধন–সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এসব বিষয়ে জানতে চাওয়া হলে এর প্রেক্ষাপট ও পটভূমিসহ জুলাই সনদের বিভিন্ন দিক তুলে ধরেন অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং যাতে আর কোনো নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় নয় মাসের আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট দলগুলো এতে স্বাক্ষর করেছে।
জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থন কামনা করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলনেতা আইভার্স ইজাবস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন বরাবরই শ্রদ্ধাশীল। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও গণভোট আয়োজনের প্রতি সমর্থন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি এবং অ্যান মার্লবরো।