সাধারণ মানুষসহ ব্যবসায়ী, গবেষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য এইচএস কোড ভিত্তিক পণ্য আমদানির তথ্য উন্মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের এসব তথ্য নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ দপ্তর জানায়, আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্য সহজলভ্য ও স্বচ্ছ করার লক্ষ্যে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে এনবিআরের ওয়েবসাইটের publication পোর্টালের customs বিভাগে ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্যে এইচএসকোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানি করা পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত উপাত্ত অন্তর্ভুক্ত রয়েছে।
এনবিআর জানায়, এ উদ্যোগের ফলে আমদানি সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ হবে। তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন এবং দেশের বাণিজ্য কাঠামো বিশ্লেষণ সহজ হবে।
সংস্থাটি আরও জানায়, বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ, আমদানি নির্ভরতা এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নীতি প্রণয়ন ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও এই উপাত্ত সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে এনবিআর।
ট্রেড ফ্যাসিলিটেশনের অংশ হিসেবে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশের এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।