আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।
শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
এ ছাড়া ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে ব্যালট জমা দিয়েছেন। এসব ব্যালটের মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
নির্বাচন কমিশন বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। এখন পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
সুত্রঃবাসস