ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুরে ব্যালট পেপার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধিদের কাছে সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, কেন্দ্রীয়ভাবে ছাপানো ব্যালট পেপার প্রথমে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। পরে পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তায় ব্যালট পেপার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরিদপুরের চারটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত নয়টি উপজেলার সহকারী কমিশনাররা ব্যালট পেপার বুঝে নেন।
তিনি আরও জানান, ভোটগ্রহণের আগের দিন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে। ব্যালট পেপার হস্তান্তরের প্রতিটি ধাপে নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং অনিয়ম রোধে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, ব্যালট পেপার হস্তান্তর একটি সংবেদনশীল প্রক্রিয়া। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।
ফরিদপুরের চারটি সংসদীয় আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন।