বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জনসভা বেলা দুইটায় শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাদের বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।
বিএনপি এই জনসভাকে নির্বাচনপূর্ব চূড়ান্ত শক্তিপ্রদর্শন হিসেবে দেখছে। জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং করণীয় তুলে ধরবেন তারেক রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।