১,৭১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাথমিক প্রক্রিয়া শুরু

দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) প্রথম পর্যায়ে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’-এর আওতায় মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক ১ হাজার ১৭০টি, উচ্চ মাধ্যমিক ৬৮৭টি, স্নাতক (পাস) ৪৪০টি, স্নাতক (সম্মান) ৪১৪টি এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৫টি প্রতিষ্ঠান রয়েছে।

নীতিমালায় নির্ধারিত মানদণ্ড, আঞ্চলিক সাম্য এবং গ্রেডিংয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে প্রথম পর্যায়ে এমপিওভুক্তির জন্য বিবেচনা করা হয়েছে। চূড়ান্ত তালিকা করার আগে আবেদনের তথ্যাদি ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডাটাবেজের মাধ্যমে যাচাই করা হবে। প্রয়োজনে সরেজমিনেও তদন্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, যাতে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ না থাকে। কোনো অনৈতিক যোগাযোগ বা অভিযোগ থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে (+৮৮০১৩৩৯-৭৭৪৫২৮) খুদে বার্তার মাধ্যমে তা জানাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এমপিওভুক্তির প্রক্রিয়া চলমান, এবং নীতিমালার আলোকে যোগ্য প্রতিষ্ঠান ও সরকারের আর্থিক সামর্থ্য অনুসারে পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানকেও এতে অন্তর্ভুক্ত করা হবে।

সুত্রঃ বাসস

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *