রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত জনসভা ও গণমিছিলে নির্বাচনের সময় অবাধ ও সুষ্ঠু ভোটের আহ্বান জানান।
খৈয়ম বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। আমরা এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অঙ্গীকারবদ্ধ। এর কোনো ব্যত্যয় ঘটলে এই অঞ্চলের মানুষ বসে থাকবে না।” তিনি আরও অভিযোগ করেন, “টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। একটি দল দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে, ভোটারদের আইডি ও মোবাইল কার্ড সংগ্রহ করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।”
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল এবং যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিবসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর থেকে ‘ভোট দেব কিসে—ধানের শীষে, ১২ ফেব্রুয়ারি সারাদিন—ধানের শীষে ভোট দিন’ শ্লোগানে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে ময়দানে শেষ হয়।