আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাতক্ষীরার সাতটি উপজেলায় পৌঁছে গেছে। এর আগে গণভোটের ব্যালট পেপারও সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পৌঁছে সংরক্ষণ করা হয়। পুরো প্রক্রিয়ায় কঠোর পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু নিরাপত্তা দিয়েই ব্যালট পেপার সংরক্ষণ করা হয়নি; সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে সেগুলো রাখা হয়েছে।
গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাতক্ষীরায় এসে পৌঁছায়। এর আগেই গণভোটের ব্যালট পেপার পৌঁছানো হয়। সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা অনুযায়ী মোট ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার এসেছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার জানান, ব্যালট পেপার সংরক্ষণ থেকে শুরু করে ভোটকেন্দ্রে নিরাপদ পরিবহন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার আয়তন ৩ হাজার ৮৫৮ দশমিক ৩৩ বর্গকিলোমিটার। সর্বশেষ জরিপ অনুযায়ী জেলার মোট জনসংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৭৩৯ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। নতুন ভোটার রয়েছেন ৬৭ হাজার ২৩৩ জন।
১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৬০৯ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৬০৯টি এবং ভোটকক্ষ ৩ হাজার ৩৭২টি। এর মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ হাজার ৫৫৩টি এবং নারী ভোটারের জন্য ১ হাজার ৮১৯টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।