সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সই হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একই সঙ্গে তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান বাণিজ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি জানান, নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রায় ১ লাখ কোটি টাকার রপ্তানি বাজার সুসংহত করা এবং বাণিজ্য ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্র শুরুতে ৪৭টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিলেও বর্তমান সরকার আপাতত ২৫টি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর চেষ্টা চলছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শুল্কহার শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
শেখ বশিরউদ্দীন বলেন, এর আগে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ওপর আরোপিত ৩৭ শতাংশ শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। নতুন চুক্তির মাধ্যমে শুল্ক আরও কমানোর চেষ্টা করা হচ্ছে, যদিও চূড়ান্ত হার সম্পর্কে এই মুহূর্তে কিছু জানাতে চাননি তিনি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রায় ১ লাখ কোটি টাকার রপ্তানি বাজার রয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এই সম্ভাবনাগুলো কাজে লাগাতেই সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাত্র তিন দিন আগে এমন বড় চুক্তি কেন—এ প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভবিষ্যতে দায়িত্ব নেওয়া নির্বাচিত সরকারকে বাড়তি চাপমুক্ত রাখতেই অন্তর্বর্তী সরকার এই চুক্তি সম্পন্ন করছে। চুক্তির বিস্তারিত শর্তাবলি স্বাক্ষরের পর জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।