ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে মোবাইল নিষিদ্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।

নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

রোববার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির ব্যক্তি মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তারা হলেন—ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই জন আনসার সদস্য।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের চারশ গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক কোনো তথ্য বা ছবি আদান–প্রদান বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে নির্বাচন দায়িত্বে থাকা আনসার সদস্যরা নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন।

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *