লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করে ধরে রাখল বার্সেলোনা। শনিবার রাতে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। ২৯ মিনিটে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। বাম প্রান্ত দিয়ে মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত মুভমেন্টের পর প্রথম শটটি প্রতিহত হলেও ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণে নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে গোল করেন তিনি।
প্রথমার্ধের ইনজুরি সময়ে নিশ্চিত একটি গোলের সুযোগ মিস করেন লামিন ইয়ামাল। গোললাইনের খুব কাছ থেকে তার শট বাইরে চলে যায়। তবে দ্বিতীয়ার্ধে নিজের ভুল পুষিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড। ৬১ মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে একজন ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের বাঁকানো শটে অসাধারণ গোল করেন ইয়ামাল। গোলরক্ষক লিও রোমানের কিছুই করার ছিল না।
৮৩ মিনিটে দ্রুত পাসিংয়ের মাধ্যমে মায়োর্কার রক্ষণভাগ ভেঙে দেয় বার্সেলোনা। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে ক্যারিয়ারের প্রথম গোলটি করেন ঘরের ছেলে মার্ক বার্নাল। এতে ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় বার্সার বড় জয়।
এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল চার। তবে রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেলে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে আনতে পারে রিয়াল।