সৌদি ক্লাব আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। সোমবার আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। এই দলবদলে সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বর্তমানে লিগ তালিকায় আল-নাসরের চেয়ে এক পয়েন্ট এগিয়ে রয়েছে আল-হিলাল। বেনজেমার অন্তর্ভুক্তিতে দলটি আরও শক্তিশালী হওয়ায় সরাসরি চাপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্ন। ২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এখনো লিগ শিরোপা জিততে পারেননি রোনালদো।
রিয়াল মাদ্রিদে রোনালদোর দীর্ঘদিনের সতীর্থ বেনজেমা গত মৌসুমে আল-ইত্তিহাদের হয়ে সৌদি লিগ শিরোপা ও কিংস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার তিনি যোগ দিলেন সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব আল-হিলালে। ক্লাবটির ঝুলিতে রয়েছে ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ।
দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট কোচ সিমোনে ইনজাগির অধীনে আল-হিলাল ইতোমধ্যেই শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে। বেনজেমার অন্তর্ভুক্তিতে তারা শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষ করে এমন সময়ে এই দলবদলটি এসেছে, যখন আল-নাসরের ট্রান্সফার কার্যক্রম নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অসন্তোষের খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। ফলে চলতি মৌসুমে সৌদি প্রো লিগের শিরোপা লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।