জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে থানায় করা জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন নম্বর ২২, রংপুর-৪ থেকে ১১ দলীয় জোটের পক্ষে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তাঁর ব্যবহৃত ফোন নম্বরে কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, ওই অপরিচিত ব্যক্তির মাধ্যমে যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
এ বিষয়ে আজ রোববার সকালে এক ভিডিওবার্তায় আখতার হোসেন হুমকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে তাঁর নির্বাচনী জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মহিবুল্লাহ জানান, আখতার হোসেনের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।