আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরে আয়োজিত পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় দায়িত্বশীলতা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে ৪০ জন কর্মকর্তা ও নাবিককে পদক প্রদান করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্ধারিত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ১০০টি প্লাটুন মোতায়েন করেছে।
তিনি বলেন, কোস্ট গার্ড সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র উদ্ধার ও চোরাচালান রোধ, মাদক ও মানব পাচার প্রতিরোধ, ডাকাতি ও জলদস্যুতা দমনসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। নিয়মিত টহলের মাধ্যমে সমুদ্র ও নদীপথ নিরাপদ রাখার পাশাপাশি দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি।
উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করা, দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসনে কোস্ট গার্ডের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী নদী এলাকার নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ কোস্ট গার্ডের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সময়োপযোগী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ও দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড সদস্যদের সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যক্তি, দল বা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হতে পারবে না।
সুত্রঃবাসস