সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী র্যাবের নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দায়িত্ব পালনের দেড় বছর আগের তুলনায় বর্তমানে বাহিনীটির কার্যক্রম ও পেশাদারিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এ বিষয়ে শিগগিরই একটি সরকারি আদেশ জারি করা হবে।
সূত্র আরও জানায়, নতুন নামে বাহিনীটির জন্য পৃথক একটি ইউনিফর্মও নির্ধারণ করা হবে।