নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, প্রতিবছর বাড়তে থাকা ডিএনএ পরীক্ষার চাহিদা মোকাবিলার জন্য নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবকে আধুনিক ল্যাব হিসেবে উন্নীত করা হবে। তিনি বলেন, সকল বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিকে দ্রুত স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে।
ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তৃতায় শারমীন এস মুরশিদ বলেন, ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরের অধিক পুরাতন হওয়ায় কার্যকারিতা কমে গেছে। তিনি উল্লেখ করেন, নমুনা বিশ্লেষণের মান, বিশুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে নিয়মিত মেশিন ভ্যালিডেশন, ল্যাব কার্যক্রমের অডিট এবং আন্তর্জাতিক মান অনুযায়ী এসওপি প্রণয়ন প্রয়োজন। এছাড়া, সব ফরেনসিক ডিএনএ রিপোর্টকে ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের সমন্বিত ডাটাবেজে সংরক্ষণ করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, নারীর ও শিশুর নিরাপত্তা ও সেবা কার্যক্রম জোরদার করার জন্য ২০০৬ সালে ঢাকা মেডিকেল কলেজে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাব স্থাপন করা হয়। বর্তমানে দেশের আটটি মেডিকেল কলেজে ডিএনএ স্ক্রিনিং ল্যাব স্থাপন করা হয়েছে। ২০০৬ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত ল্যাবটি ৩৭ হাজার ৫৯২টি ডিএনএ নমুনার পর্যালোচনায় ৬ হাজার ৩৩৩টি মামলার রিপোর্ট প্রদান করেছে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে স্বাস্থ্য, জনপ্রশাসন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক, সিআইডি ও উপদেষ্টা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।