আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।
ইসির নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগের দিন ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা লঞ্চ ও ইঞ্জিনচালিত বোটসহ নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌযান ব্যতীত অন্যান্য নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
তবে রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি ও বিদেশি পর্যবেক্ষক, নির্বাচন কাভারেজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল করা যাবে।
একই সঙ্গে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবায় ব্যবহৃত নৌযান চলাচল নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহনসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।
এ ছাড়া ভোটার ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
নির্বাচন কমিশন জানিয়েছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় প্রয়োজনে আরও কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।