সচিবালয়ে আজ বিকেলে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন বই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর নিকট হস্তান্তর করেন।
ধর্ম উপদেষ্টা জানান, কারাবন্দিদের সংশোধন ও তাদের স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে। এ উদ্দেশ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং ধাপে ধাপে সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক পর্যায়ে কারাগারে কোরআন, হাদিস, বেদ, ভগবৎগীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিলসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক বই সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে আরও বই, জায়নামাজ, টুপি ও তসবিহসহ অন্যান্য উপকরণও বিতরণ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এবং প্রকাশনা সংস্থা বইগুলো বিনামূল্যে সরবরাহ করেছে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।