বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড দেশের টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটরের মাধ্যমে আনলিমিটেড ট্রিপল প্লে সেবার পাইলট কার্যক্রম চালু করেছে।
বুধবার ঢাকার রমনায় বিটিসিএলের কার্যালয়ে এ সেবার পাইলট কার্যক্রমের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
উদ্বোধন অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের মানুষের ডিজিটাল জীবনকে সহজ, সাশ্রয়ী ও সমন্বিত করার লক্ষ্যেই বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার পাইলট চালু করা হয়েছে। এটি একটি সমন্বিত ডিজিটাল উদ্যোগ, যেখানে ভয়েস, ডেটা ও বিনোদন সেবা এক প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বিটিসিএলের হাতে প্রায় সব ধরনের টেলিযোগাযোগ লাইসেন্স ও দেশব্যাপী বিস্তৃত ফাইবার নেটওয়ার্ক রয়েছে। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে নতুনভাবে রিব্র্যান্ড করে একটি আধুনিক ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, ট্রিপল প্লে সেবার মূল লক্ষ্য একটি সিম ও একটি সংযোগের মাধ্যমে ঘরে ও বাইরে নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা। ব্যবহারকারী ঘরে থাকলে ওয়াইফাই এবং বাইরে থাকলে মোবাইল ডেটার মাধ্যমে একই সেবা ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, এমভিএনও সিম, ‘আলাপ’ অ্যাপ, ‘জীপন’ ব্রডব্যান্ড এবং ওটিটি কনটেন্টের সমন্বয়ে পাইলট কার্যক্রম ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে, যা সম্পূর্ণভাবে বিটিসিএলের নিজস্ব প্রকৌশলীদের মাধ্যমে উন্নয়ন করা হয়েছে।
এমভিএনও ও ট্রিপল প্লে সেবা নিয়ে পরিচালিত গ্রাহক জরিপের তথ্য তুলে ধরে তিনি বলেন, জরিপে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ও ব্রডব্যান্ডের যৌথ প্যাকেজকে ইতিবাচক হিসেবে দেখছেন। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে, সেবার মান উন্নত হবে এবং ডিজিটাল কনটেন্ট পাইরেসি কমাতে সহায়ক হবে।
তিনি জানান, নির্বাচন-পরবর্তী সময়ে রমনা ও গুলশান এলাকা থেকে বাণিজ্যিকভাবে এই সেবা চালু করা হবে। ভবিষ্যতে ডিভাইস সংযুক্ত কোয়াড প্লে সেবা চালু এবং দেশব্যাপী ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
এমভিএনও সেবার আওতায় জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ইন্টারনেট, জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম টফি, আনলিমিটেড ভয়েস, ডেটা ও ব্রডব্যান্ড সেবা একীভূত করে কোয়াড প্লে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিটিসিএলের লক্ষ্য একটি আধুনিক, সমন্বিত ও গ্রাহকবান্ধব টেলিযোগাযোগ ইকোসিস্টেম গড়ে তোলা, যা হবে সাশ্রয়ী, স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বিটিসিএলের এমভিএনও সেবা চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ বিটিসিএল ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।