আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। নির্বাচন বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করার নিয়ম রয়েছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণা সেই নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়েই শেষ হচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করায় মোট ২৯৯ আসনেই ভোট হবে।
ইসি সচিবালয় সূত্র জানায়, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতে রোববারের মধ্যেই ব্যালট পৌঁছে যাবে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ৩০০ আসনের মধ্যে ঝালকাঠি-১ আসনে ভোটার সংখ্যা সর্বনিম্ন ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন এবং গাজীপুর-২ আসনে সর্বাধিক ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন ভোটার রয়েছেন।
এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।
ইসি সিনিয়র সচিব জানান, সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে।
ঢাকা-১২ আসনে সর্বাধিক ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর পিরোজপুর-১ আসনে প্রার্থী সংখ্যা সর্বনিম্ন, মাত্র ২ জন।
নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এছাড়া, নির্বাচনে ৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণে থাকবেন। পাশাপাশি প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষকও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
সুত্রঃবাসস