আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের দিন দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে সব ভোটদান কেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
নির্দেশনায় আরও বলা হয়, কমিশনের এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। সুষ্ঠু, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে ভোটদান নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।