আজ মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই পবিত্র রাতটি মুসলমানদের কাছে ‘শবে বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।
পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও অন্যান্য ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন। মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
শবে বরাত মুসলমানদের আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত।