আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গণসংহতি আন্দোলন (জিএসএ) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কমিটিতে মোট আট সদস্য রয়েছেন।
সংগঠন সূত্রে জানা যায়, দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে কমিটির আহ্বায়ক এবং রাজনৈতিক পরিষদের সদস্য ও কৃষক নেতা দেওয়ান আবদুর রশিদ নীলুকে সদস্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন মো. খালেদ হোসাইন (অব.)।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা চূড়ান্ত করা হয়। আহ্বায়ক আবুল হাসান রুবেল জানান, কমিটি দলীয় গঠনতন্ত্র ও নীতিমালার আলোকে নির্বাচন পরিচালনা, সমন্বয় এবং সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে। নির্বাচনী প্রস্তুতি, মনোনয়ন প্রক্রিয়া তদারকি এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে এই কমিটি সার্বক্ষণিকভাবে কাজ করবে।