স্টাফ রিপোর্টার,উজ্জ্বল: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক সাভারে যুব উন্নয়ন একাডেমিতে “কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ : যুব সমাজের উন্নয়ন” শীর্ষক কর্মশালা-২০২৬ এর উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান এবং যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও শিল্পসহ প্রতিটি ক্ষেত্রে এআই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। তিনি আরও বলেন, এআইভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যক্তিকেন্দ্রিক শেখার সুযোগ তৈরি করা সম্ভব। এতে প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি পাবে এবং দক্ষতার সঙ্গে কর্মসংস্থানের কার্যকর সংযোগ স্থাপন করা যাবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এআইনির্ভর প্রশিক্ষণ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশও এই ধারায় এগিয়ে যেতে চায়। তবে এ ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে, যাতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সমানভাবে এর সুফল ভোগ করতে পারে।
তিনি এআই ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি জরুরি। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, অর্জিত জ্ঞান তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে এবং এআই-এর সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে এটি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।