রাজধানীর ডেমরা এলাকায় একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে আমুলিয়া এলাকার আমুলিয়া মডেল টাউনের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ১১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে খিলগাঁও থেকে আরও দুটি ইউনিট যোগ দেয় এবং সিদ্দিক বাজার থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।