চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জ্বালানিবাহী ৮ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দর-এ এসে পৌঁছেছে তেল ও গ্যাসবাহী আটটি জাহাজ। এতে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকার আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (৮ মার্চ) সকালে এসব জাহাজ বন্দরে এসে নোঙর করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছেছে এবং সেগুলো থেকে জ্বালানি খালাসের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও আগেই যাত্রা শুরু করা জাহাজগুলো নিরাপদে বন্দরে পৌঁছানোয় দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক কোনো বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা কমেছে।

তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এর অংশ হিসেবে গত শুক্রবার যানবাহনভিত্তিক জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিপিসি। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *