দেশের সামগ্রিক বাজার ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট মহানগরীর টিলাগড়ে ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় আসবে। এতে বাজার মনিটরিং আরও সহজ ও কার্যকর হবে।
মন্ত্রী জানান, সরকারি সংস্থা টিসিবি-এর কার্যক্রম আরও জোরদার করা হবে। বর্তমানে সরকার বছরে প্রায় তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। ভবিষ্যতে ধীরে ধীরে এই ভর্তুকি কমানোর লক্ষ্য থাকলেও, বাজারে মূল্য নিয়ন্ত্রণে টিসিবির হস্তক্ষেপ আরও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি দেশ থেকে চিরতরে দূর করার লক্ষ্যে সরকার কাজ করছে। এআইভিত্তিক এই নতুন ব্যবস্থাপনা চালু হলে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে টিলাগড় পয়েন্টে প্রতিদিন সকালে বসবে ‘কৃষকের হাট’। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ের কৃষক ও শহরের সাধারণ ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
নতুন এই ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তাদের মতে, মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রির সুযোগ পেলে তারা ন্যায্যমূল্য পাবেন। একই সঙ্গে ভোক্তারাও তুলনামূলক কম দামে তাজা পণ্য কিনতে পারবেন।