মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। এই অঙ্গটি ক্ষতিগ্রস্ত হলে ধীরে ধীরে শরীরের অন্যান্য অঙ্গের কার্যকারিতাও কমতে শুরু করে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপনের কারণে বর্তমানে ফ্যাটি লিভার, লিভার সিরোসিসসহ নানা জটিল রোগ বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, লিভারে সমস্যা দেখা দিলে শরীর আগে থেকেই কিছু সতর্ক সংকেত দেয়। এর মধ্যে ত্বকের কিছু পরিবর্তন গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। এসব লক্ষণ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
জন্ডিস
লিভারের সমস্যার সবচেয়ে পরিচিত লক্ষণ হলো ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া। লিভার ঠিকভাবে কাজ না করলে শরীরে বিলিরুবিন জমতে থাকে। এর ফলে ত্বক ও চোখে হলদে ভাব দেখা দেয়, যা জন্ডিস নামে পরিচিত। এটি গুরুতর লিভার সমস্যার ইঙ্গিত হতে পারে।
ত্বকে চুলকানি ও জ্বালাপোড়া
লিভারের কার্যকারিতা কমে গেলে শরীরে বিষাক্ত পদার্থ জমা হতে থাকে। পাশাপাশি পিত্তরস সঠিকভাবে নির্গত না হলে ত্বকে দীর্ঘস্থায়ী চুলকানি বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে। এমন সমস্যা দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ত্বকে ফুসকুড়ি বা ফোঁড়া
লিভার দুর্বল হলে রক্ত সঞ্চালনেও প্রভাব পড়ে। এর ফলে ত্বকে লালচে ফুসকুড়ি, ছোট ফোঁড়া বা ব্রণের মতো সমস্যা দেখা দিতে পারে। সাধারণ ওষুধে এসব সমস্যা না কমলে লিভার পরীক্ষা করানো জরুরি।
চোখ ও মুখ ফুলে যাওয়া
লিভার ঠিকভাবে কাজ না করলে শরীরে অতিরিক্ত তরল জমতে শুরু করে। এর প্রভাবে চোখ ও মুখ ফুলে যেতে পারে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর চোখ বা মুখ অস্বাভাবিক ফোলা দেখালে তা অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকদের মতে, এসব লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করালে গুরুতর জটিলতা এড়ানো সম্ভব হতে পারে।