নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের দাকোপ থানাধীন শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটক জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।