দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৯২ শিশু।
মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত দেড় মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৬৮ শিশু। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫৬ শিশু।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫১ হাজার ৫৬৭ শিশু।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ। এ বিভাগে হাম ও হাম-সন্দেহে ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৩২ শিশু।
এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।












