যুদ্ধে ট্রাম্প যা অর্জন করতে পারেননি, আলোচনায়ও পারবেন না

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে লক্ষ্য অর্জন করতে পারেননি, তা আলোচনার মাধ্যমেও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি।

সোমবার (২০ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম ভেদোমোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছিল অল্প সময়ের মধ্যেই ইরানে সরকার পরিবর্তন করা হবে। কিন্তু বাস্তবে তারা কোনো লক্ষ্যেই সফল হতে পারেনি।

জালালি বলেন, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে। শুরুতে তারা সরকার পরিবর্তনের কথা বললেও পরে শুধু হরমুজ প্রণালি উন্মুক্ত করার দাবিতে নেমে আসে। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত নৌ-অবরোধও কার্যকর হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই যুদ্ধ ইরানকে দুর্বল করার বদলে দেশটির সংকল্প আরও শক্তিশালী করেছে। ইরানের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য দৃঢ় অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত দাবি করেন, যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিলেও পরে সেখান থেকে সরে এসেছে।

জালালির ভাষ্য, যুদ্ধে যা অর্জন করা সম্ভব হয়নি, তা আলোচনায়ও অর্জন করা যাবে না। তার মতে, কার্যকর আলোচনার জন্য উভয় পক্ষেরই সমঝোতায় পৌঁছানো এবং পারস্পরিক ছাড় দেওয়া প্রয়োজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *