অফিসে উপস্থিতি নিশ্চিত করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগ থেকে নতুন অফিস আদেশ জারি করা হয়েছে।
সোমবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহ অনুসরণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। উক্ত বিধিমালার অধীনে নিম্নোক্ত বিষয়গুলো অফিস শৃঙ্খলাবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে—
-
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি
-
বিনা অনুমতিতে অফিস ত্যাগ
-
বিলম্বে অফিসে উপস্থিতি
দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়—
-
সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।
-
অফিস সময় শেষ হওয়ার আগে (পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টা) কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।
-
অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে নিজ অনুবিভাগের প্রধান (যুগ্মসচিব/সলিসিটর)-এর পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
-
সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা প্রদান করে অফিস ত্যাগ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, বিলম্বে উপস্থিত হলে বা অফিস ত্যাগ করলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-সহ প্রযোজ্য বিধিমালা অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।